তথ্য প্রযুক্তি

ফ্রি ওয়াইফাই সুবিধা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা: আইটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের বিস্তৃত পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে সরকার আইটি খাতকে আধুনিক ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করার জন্য। এর আওতায় বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড যানবাহনে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের তিনটি বড় টেকপার্কে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ঘটিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি জনবান্ধব প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button