ফিফা সভাপতির বড় ঘোষণা! বিশ্বকাপ খেলবে ইরান, সব জল্পনার অবসান?

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই বিশ্বজুড়ে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের আবহে ইরানের বিশ্বকাপে খেলা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি মেক্সিকোর একটি টিভি চ্যানেলে স্পষ্ট জানিয়েছেন, “আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে।”
ফিফা সভাপতি আরও বলেন, “এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই। আমাদের শুধু একটিই পরিকল্পনা আছে, আর তা হলো প্ল্যান এ।” তিনি নিশ্চিত করেছেন যে, ইরান দল যাতে টুর্নামেন্টে অংশ নিতে পারে, তার জন্য সর্বোত্তম পরিস্থিতি নিশ্চিত করা হবে। কারণ এই দলটি শুধু ইরানে বসবাসরত সাধারণ মানুষের নয়, বরং বিদেশে থাকা ইরানিদেরও প্রতিনিধিত্ব করে।
ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে না। জিয়ান্নি ইনফান্তিনো এর আগেও একই সুরে বলেছেন, “সূচি চূড়ান্ত হয়ে গেছে এবং আমরা সেই অনুযায়ী এগোতে চাই। ফিফা কোনো রাজনৈতিক বিরোধ মেটাতে পারে না, তবে আমরা বিশ্বাস করি ফুটবলের শক্তি দেশগুলোর মধ্যে শান্তি ও সেতুবন্ধন তৈরি করতে সক্ষম।” তিনি আরও যোগ করেন, “ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।”
যদিও ফিফা সভাপতি স্বীকার করেছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি “অত্যন্ত জটিল”, তবুও তারা টুর্নামেন্টের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতে চান। ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ স্থানান্তরের কথা ভাবছে না।
তবে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন যে, তারা বিশ্বকাপ বয়কট করছেন না, কিন্তু নিরাপত্তার অভাবে যুক্তরাষ্ট্রে পা রাখবেন না। খোদ যুক্তরাষ্ট্র ইরানি দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এমন পরিস্থিতিতে সেখানে খেলা অসম্ভব বলে তিনি মন্তব্য করেছেন। এই অবস্থায়, ইরান দল বর্তমানে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প ও প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারছে। যদি রাজনৈতিক কারণে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে না খেলে, তবে এটি হবে আধুনিক ফুটবলের ইতিহাসে এক বিরল ঘটনা।





