১-০ গোলে হারলেও কোচের দাবি, ‘এটাই সেরা পারফরম্যান্স, জয় প্রাপ্য ছিল!’

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে বাংলাদেশ ভালো ফুটবল খেললেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায়। এই হারে বাংলাদেশ কোচ কাবরেরার মেনে নিতে কষ্ট হচ্ছে। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, ‘এই ফল মেনে নেওয়া খুবই কঠিন বিষয়।’ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলা ম্যাচগুলোর মধ্যে গতকালের পারফরম্যান্সকেই সেরা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। কোচের মতে, ‘সম্ভবত এটাই আমাদের সেরা পারফরম্যান্স। আমরা জয় কিংবা অন্তত একটি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।’ পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়রা নিজেদের সবটুকু দিয়ে খেলেছেন, এতে গর্বিত কোচ। তিনি বলেন, ‘মূল বিষয় হলো- আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত। যেভাবে খেলে আমরা হেরেছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। পুরো ম্যাচে আমরা প্রভাব বিস্তার করেছি। তাই দলের পারফরম্যান্সে আমরা গর্বিত।’ কাবরেরার মতে, এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খারাপ খেলেনি, বরং অন্যদের তুলনায় ভালো খেলেছে। দল ৫ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করলেও সিঙ্গাপুরের বিপক্ষে উন্নত মানের ফুটবল প্রমাণ করে বাংলাদেশ অনেক এগিয়েছে। বর্তমান পারফরম্যান্সে ইতিবাচক থাকার কথা বলেছেন তিনি। ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। খেলার মান বাড়ছে। আমরা অভিজ্ঞতা অর্জন করছি। আমাদের মধ্যে পেশাদারিত্ব বাড়ছে। খেলোয়াড়রা এখন জানে, কীভাবে খেলার লাগাম টানতে হয়। আমাদের অনেকগুলো ভালো দিক রয়েছে।’ উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল বাফুফের সঙ্গে কোচ কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বাংলাদেশ দলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি নিশ্চিত না থাকলেও, ভাগ্য নির্ধারণ সময়ের হাতে ছেড়ে দিয়েছেন।





