লঙ্কাকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড, শেষ শ্রীলঙ্কার বিশ্বকাপ স্বপ্ন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে নিউজিল্যান্ড। এই পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। বুধবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস মাত্র ১০৭ রানে গুটিয়ে যায়।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে শুরুটা ভালো করেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। তবে ২৩ রান করে অ্যালেন ও এরপর সেইফার্টও দ্রুত ফিরে যান। রাচিন রবীন্দ্রর ৩২ এবং গ্লেন ফিলিপসের ১৮ রানের ইনিংসও বড় সংগ্রহের ভিত গড়তে পারেনি। একপর্যায়ে ড্যারেল মিচেল ও মার্ক চ্যাপম্যানও দ্রুত বিদায় নিলে কিছুটা চাপে পড়ে কিউইরা। তবে শেষদিকে মিচেল স্যান্টনারের ৪৭ রানের দুর্দান্ত ইনিংস এবং কোল ম্যাককানচির অপরাজিত ৩১ রানে ভর করে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হেনরি প্রথম বলেই নিসাঙ্কাকে বোল্ড করেন। এরপর ৫ রান করে আসালাঙ্কাও হেনরির শিকার হন। একই ওভারে রাচিন রবীন্দ্রর বলে কুশল মেন্ডিস ও পাভান রাত্নায়েকে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন। দলের নিয়মিত উইকেট পতনে প্রতিরোধ গড়তে ব্যর্থ হন লঙ্কান ব্যাটসম্যানরা। কামিন্দু মেন্ডিস ৩১ এবং দুনিথ ২৯ রান করলেও তা দলের পরাজয় ঠেকাতে পারেনি। অবশেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস, ফলে ৬১ রানের বড় পরাজয় নিয়ে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়।





