বাংলাদেশ সফরে কিউই দল ঘোষণা: আসছে নতুন ত্রয়ী, অধিনায়ক কে?

এবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সীমিত ওভারের এই সফরে কিউই দলে ডাক পেয়েছেন তিন বিস্ময়কর ফাস্ট বোলার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। সোমবার বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
পিঠের চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ও’রুর্ক। শিন ইনজুরি থেকে সেরে উঠে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিশার। অন্যদিকে, গোড়ালির চোট সারিয়ে ব্লেয়ার টিকনার ডাক পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই। অভিজ্ঞ খেলোয়াড়দের দলে ফেরাতে পেরে বেশ উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার, ‘তারা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে। তাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়দের দলে ফেরাটা দলের জন্য দারুণ খবর।’
তবে এই সিরিজে নিউজিল্যান্ড তাদের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে পাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার কারণে তিনি এই সফরে থাকছেন না। আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সফরে তারা বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।





