ভিনির পর রাফিনহার ইনজুরি! বিশ্বকাপ শঙ্কায় ব্রাজিল?

বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র। এতে কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ফ্রান্সের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে হারের পর এই ইনজুরি সমস্যা সেলেসাওদের শিবিরে নতুন করে চাপ সৃষ্টি করেছে।
বার্সেলোনার ফর্মে থাকা এ তারকা খেলোয়াড় রাফিনহা হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এবং প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এতে ব্রাজিলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হয়েছে, বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করার পর জিমে এবং চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। যদিও মেডিকেল পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন এটিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবে দেখছে এবং আশা করছে ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়া যাবে।
এই দুইজনের ইনজুরির কারণে ব্রাজিলের সম্ভাব্য একাদশেও পরিবর্তন আসতে পারে। ডান পাশে ওয়েসলির জায়গায় দানিলোকে শুরুর একাদশে দেখা যেতে পারে।





