মেসির ৯০০ গোলের কীর্তি ম্লান: চ্যাম্পিয়নস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি

লিওনেল মেসি ব্যক্তিগত নৈপুণ্যে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ৯০০ ক্যারিয়ার গোলের বিরল কীর্তি গড়লেও তার ক্লাব ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে। আরেক আর্জেন্টাইন ফুটবলারের গোলে অ্যাওয়ে গোলের হিসাবে ছিটকে পড়তে হয়েছে তাদের।
ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের অনন্য ক্লাবে নাম লেখালেন মেসি। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে এই কীর্তি গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মেসির এই অবিস্মরণীয় অর্জন দলের জন্য আনন্দের উপলক্ষ হয়ে ধরা দেয়নি। ন্যাশভিল এসসির বিপক্ষে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই বাদ পড়েছে ইন্টার মিয়ামি।
প্রথম লেগে ন্যাশভিলের মাঠে দুই দলের ম্যাচ গোলশূন্য (০-০) ড্র হয়েছিল। এরপর বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মিয়ামির মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগে নাটকীয়তা ছড়ায়। ম্যাচের সপ্তম মিনিটেই বক্সের ভেতর থেকে ক্রস শটে দুর্দান্ত এক গোল করে মিয়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৭৩ মিনিট পর্যন্ত এই ১-০ গোলের লিড ধরে রেখেছিল মিয়ামি। কিন্তু ৭৪ মিনিটে ন্যাশভিলের আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্রিস্তিয়ান এস্পিনোসা গোল করে স্কোরলাইন ১-১ করেন। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ ড্র হয়। দুই লেগের খেলায় সামগ্রিক স্কোর ১-১ হলেও, অ্যাওয়ে গোলের নিয়মে ন্যাশভিল পরের রাউন্ডে চলে যায়। ফলে, মেসির মাইলফলকের দিনেই হতাশা নিয়ে বিদায় নিতে হলো ইন্টার মিয়ামিকে।
মেসির ব্যক্তিগত সাফল্যে ফুটবল বিশ্ব মুগ্ধ হলেও, চ্যাম্পিয়নস কাপ থেকে দলের অপ্রত্যাশিত বিদায় মিয়ামি সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সামনে দলের টুর্নামেন্ট জয়ের স্বপ্ন পূরণে মেসিকে আরও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বলেই মনে করছেন অনেকে।





