এশিয়ান কাপ মিশন শেষ: আজ মধ্যরাতে ফিরছে নারী দল

ঐতিহাসিক নারী এশিয়ান কাপে অভিষেক মিশন শেষে আজ মধ্যরাতে দেশে ফিরছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। পার্থের স্থানীয় সময় মঙ্গলবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা।
থাইল্যান্ডের রাজধানীতে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি শেষে বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফুটবলারদের বহনকারী বিমান। নারী এশিয়ান কাপে এটি ছিল বাংলাদেশের প্রথম অংশগ্রহণ, যা দেশের ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।
গতকাল উজবেকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। সেই ক্ষেত্রে, ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের ফলাফলের ওপর চোখ রাখতে হতো দলকে। কোয়ার্টার ফাইনালের টিকিট পেলে ফের সিডনি যেতে হতো বাংলাদেশের মেয়েদের। তবে, ম্যাচটিতে হারায় ১০ মার্চের রিটার্ন টিকিটেই আজ দেশে ফিরতে হচ্ছে তাদের।
এই টুর্নামেন্টের অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য মূল্যবান হয়ে থাকবে। এই অংশগ্রহণ আগামী দিনে আন্তর্জাতিক ফুটবলে দেশের নারীদের পথচলাকে আরও সুগম করবে এবং তাদের জন্য নতুন লক্ষ্য নির্ধারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।





