নেইমারের জাতীয় দলে ফেরা, অগ্নিপরীক্ষার মুখে তারকা!

ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র দীর্ঘ বিরতির পর আবারও সেলেসাওদের জার্সিতে ফেরার খুব কাছাকাছি। তবে চূড়ান্ত দলে জায়গা পেতে তাকে একটি বিশেষ শর্ত পূরণ করতে হবে, যা কোচ কার্লো আনচেলত্তি নিজেই পর্যবেক্ষণ করবেন।
কোচ আনচেলত্তি নেইমারের নাম প্রাথমিক তালিকায় রাখলেও, তার বর্তমান শারীরিক অবস্থা ও খেলার মান বিশেষভাবে যাচাই করছেন। এই যাচাই প্রক্রিয়া হিসেবে, বুধবার সান্তোস ও মিরাসোলের মধ্যকার ম্যাচটি তিনি সরাসরি গ্যালারিতে বসে দেখবেন। এই ম্যাচেই নেইমারকে নিজের ফিটনেস ও দক্ষতা প্রমাণ করতে হবে।
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও, সম্প্রতি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমার যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তা আনচেলত্তির নজর কেড়েছে। আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচের আগে নেইমারের মতো অভিজ্ঞ ফুটবলারকে দলে পেতে চায় ব্রাজিলিয়ান ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপের আগে দলের ভারসাম্য এবং খেলোয়াড়দের শতভাগ ফিটনেস নিশ্চিত করতে কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ।
১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই তারকার জাতীয় দলে ফেরা মূলত নির্ভর করছে বুধবারের এই অগ্নিপরীক্ষায় তার নৈপুণ্যের ওপর। ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা অধীর আগ্রহে তাদের প্রিয় তারকাকে আবারও হলুদ জার্সিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।





