খেলা

এক বছর পর আফিফ ফিরছেন, বাদ পড়লেন ৩ জন… দলে শক্তি বাড়ল?

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এছাড়া সাম্প্রতিক সময়ে ছন্দহীনতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী। এই পরিবর্তনগুলো ঘিরে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, পাকিস্তান সিরিজের আগে দল কতটা শক্তিশালী হলো?

প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সবশেষ ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলেছিলেন তিনি। দল থেকে বাদ পড়ার পর বিসিএলের ওয়ানডে সংস্করণে দক্ষিণাঞ্চলের হয়ে একটি সেঞ্চুরিসহ ১২৮ রান করে আবারও নির্বাচকদের নজরে এসেছেন আফিফ। যদিও এর আগে ডিপিএলে তার পারফরম্যান্স তেমন বলার মতো ছিল না। অর্থাৎ, ছন্দহীনতা কাটিয়ে ওঠার চেষ্টায় থাকা একজন ক্রিকেটারকেই ফের দলে ডেকেছে বিসিবি।

আফিফ ছাড়াও দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এখন পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে খেলা অঙ্কন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে পুরোপুরি প্রমাণের সুযোগ পাননি। তার ওপর ভরসা রেখে প্রধান নির্বাচক জানিয়েছেন, অঙ্কনের সামর্থ্য প্রমাণের ওপর তার আস্থা আছে। তবে, সাম্প্রতিক বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে তিন ম্যাচে এক ফিফটিতে মাত্র ১২৪ রান করেছেন অঙ্কন।

এদিকে, অভিজ্ঞতার বিচারে উইকেটরক্ষক লিটন দাস দলে থাকলেও ব্যাট হাতে তার ছন্দহীনতা দুশ্চিন্তার কারণ। বিসিএলে মাত্র এক ফিফটিসহ ৬৫ রান করেছেন তিনি। সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বিসিএলে ১০৭ রানের বেশি করতে পারেননি। বাদ পড়া নুরুল হাসান সোহান বিসিএলে ২৪ রান, জাকের আলী অনিক এক ম্যাচে ৫ রান এবং শামীম পাটোয়ারী বিসিএলে অংশই নেননি।

তবে, বোলিং বিভাগে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। ইনজুরির কারণে হাসান মাহমুদ ও তানজিম সাকিব পাকিস্তান সিরিজের ওয়ানডে স্কোয়াডে না থাকলেও তাদের বদলে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে রাখা হয়েছে। শরিফুল বিসিএলে ৬ উইকেট শিকার করেছেন। বিগব্যাশ ও বিসিএলে দারুণ ছন্দে থাকা রিশাদ হোসেন ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। সৌম্য সরকারও বল হাতে বিসিএলে ৬ উইকেট নিলেও ব্যাট হাতে মাত্র ১৮ রান করেছেন।

সব মিলিয়ে, পাকিস্তান সিরিজের আগে ব্যাটিং বিভাগ নিয়ে বাংলাদেশ দলের দুশ্চিন্তা থাকছেই। ব্যাট হাতে খেলোয়াড়রা নিজেদের ছন্দ ফিরে পান কিনা, সেটাই এখন দেখার বিষয়। বোলিং বিভাগ কিছুটা স্বস্তি দিলেও, সেই স্বস্তি কতটা দীর্ঘস্থায়ী হয়, তার ওপরই সিরিজের ফলাফল নির্ভর করবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button