নারী ফুটবল: কোরিয়ার কাছে ৫-০, তবুও কোচ খুশি!

এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন এবং ফিফা র্যাংকিংয়ে নবম স্থানে থাকা শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই প্রথমবার উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে নেমে বড় ব্যবধানে হারলেও, দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ বাটলার বলেন, “আমরা তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। তাদের মতো শক্তিশালী দলের কাছে ৫-০, ৬-০ এমনকি ৭-০ গোলে হারলেও তা অসম্মানের নয়। আমি এই মেয়েদের সমালোচনা করতে পারি না। আমরা এখনো ওই পর্যায়ের দল নই। আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে এবং মেয়েরা যা করেছে, আমি তাদের প্রচেষ্টায় গর্বিত।”
বাটলার মনে করেন, চীনের পর এশিয়ার অন্যতম সেরা দল উত্তর কোরিয়ার বিপক্ষে তার মেয়েরা অসাধারণ খেলেছে। তিনি বলেন, “আমরা ফুটবলের বাস্তব শিক্ষাটা পেয়েছি। শক্তি ও কৌশলগত দক্ষতায় তারা আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদের নিজেদের ঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তবুও মেয়েরা যা করেছে, তা নিয়ে আমি গর্বিত।”
বিশেষ করে, কোরিয়া ম্যাচের একের পর এক দুর্দান্ত সেভ করে নজর কেড়েছেন গোলরক্ষক মিলি আক্তার। তার অবিশ্বাস্য পারফরম্যান্স না থাকলে স্কোর লাইন আরও বড় হতে পারত। কোচের কাছ থেকেও মিলির প্রশংসা ঝরেছে। বাটলার বলেন, “মিলি সত্যিই অসাধারণ চরিত্রের খেলোয়াড়। সে একজন যোদ্ধা, যার মধ্যে নরম দৃঢ়তা আর প্রবল উদ্যম রয়েছে। আজ তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, তবে কঠোর পরিশ্রম করলে তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
কোচ বাটলারের ভাষ্যমতে, এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং ফুটবলের বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ। তবে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যেতে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ ম্যাচের জন্য প্রস্তুতিই এখন দলের প্রধান লক্ষ্য।





