হোয়াইট হাউসে মেসি, রোনালদো-বিতর্কে ট্রাম্পের মন্তব্য!

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিশেষ অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের স্বীকৃতিস্বরূপ মায়ামি দলকে এই রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে ট্রাম্প তাঁর ছেলে ব্যারন ট্রাম্পের মেসির প্রতি অনুরাগের কথা তুলে ধরেন। মেসিকে ‘জেন্টলম্যান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, “আমার ছেলে আপনার বিশাল ভক্ত। সে মনে করে আপনি একজন অসাধারণ মানুষ।” তবে চমকপ্রদ মোড় আসে যখন ট্রাম্প তাঁর পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “রোনালদো নামে এক ভদ্রলোক আছেন—ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত।” চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর প্রশংসার সময় মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখালেও তিনি কেবল মৃদু হাসেন। পরে ট্রাম্প উপস্থিত সবার কাছে জানতে চান কে সেরা—মেসি নাকি পেলে? সবাই সমস্বরে মেসির নাম নিলে ট্রাম্পও তাতে সম্মতি জানান।
ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা একটি গোলাপি জার্সি (ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট) এবং একটি সই করা ফুটবল উপহার দেওয়া হয়। মেসি ও ক্লাবের মালিক হোর্হে মাসকে পাশে নিয়ে ট্রাম্প মন্তব্য করেন, “আমার জন্য এটি এক বিশেষ সৌভাগ্যের বিষয় এমন কিছু বলা, যা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি: হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।”
দলের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম পারিবারিক ব্যস্ততায় উপস্থিত থাকতে না পারলেও কোচ হাভিয়ের মাশ্চেরানো, তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল অনুষ্ঠানে যোগ দেন। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর এটিই মেসির প্রথম হোয়াইট হাউস সফর। এর আগে গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ প্রদানের ঘোষণা দিলেও সময়ের অভাবে তিনি তা গ্রহণ করতে পারেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ফুটবলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার কথা উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, ২০২৬ সালের গ্রীষ্মে আবারও তিনি এই চ্যাম্পিয়নদের সাথে মিলিত হবেন, যা যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।





