খেলা

টি-টোয়েন্টি সেমি: ভারত-ইংল্যান্ড মহারণ, ফাইনালে চোখ কার?

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই হাই-ভোল্টেজ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠতে মরিয়া দু’দল। বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী অধীর আগ্রহে তাকিয়ে আছেন এই ম্যাচের দিকে, যেখানে জয়ী দল শিরোপার এক ধাপ কাছে চলে যাবে।

ফাইনালে ওঠার এই লড়াইয়ে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ প্রতিপক্ষ ইংল্যান্ডও বর্তমান চ্যাম্পিয়নদের মতোই শক্তিশালী। তবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের দল সেসবে পাত্তা দিতে নারাজ, যেকোনো মূল্যে ফাইনালে পৌঁছাতে চায় তারা। বৈশ্বিক আসরের পরিসংখ্যানও ভারতের পক্ষে কথা বলছে। এ নিয়ে সব মিলিয়ে ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। এর মধ্যে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত, পাঁচবারের মধ্যে তিনবার ফাইনালে পৌঁছে দু’বার শিরোপা ঘরে তুলেছে। তবে ২০১৬ সালে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং ২০২২ সালে আজকের প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছেই সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল ভারত। ২০১৪ সালের সেমিতে দক্ষিণ আফ্রিকাকে হারালেও ফাইনালে শিরোপা হাতছাড়া হয় শ্রীলঙ্কার কাছে।

অন্যদিকে, টানা পঞ্চমবার ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড। ২০১০ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংলিশরা সেমির বাধা পেরোতে পেরেছে সব মিলিয়ে তিনবার। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানে ইংল্যান্ড, আর ২০২১ সালে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তারা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিষেক শর্মা এখনও নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি। তবে যে কোনো মুহূর্তে তিনি আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। এই বিষয়ে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান বলেছেন, “এই মুহূর্তে আমাদের সবটুকু মনোযোগ ম্যাচের দিকে। আশা করি, অভিষেক এবার আর ওই ধরনের ইনিংস খেলতে পারবে না। আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।” কারান আরও যোগ করেন, তারা ওয়াংখেড়ের গ্যালারিকে চুপ করিয়ে দিতে চান এবং আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলতে চান।

এদিকে, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন স্পিন আক্রমণে ইংল্যান্ডকে ভারতের চেয়ে এগিয়ে রাখছেন। তার বিশ্বাস, ঘূর্ণিজাদু ম্যাচের ব্যবধান গড়ে দেবে। তিনি বলেন, “ভারতের চেয়ে ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো। বরুণ চক্রবর্তীর ওপর ব্যাটসম্যানরা চড়াও হয়ে খেলছে। স্পিন বিভাগের কথা বললে, ডসন, রশিদ ও উইল জ্যাকস টুর্নামেন্টের সেরা ত্রয়ী।” তবে কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কারের দৃঢ় বিশ্বাস, ওয়াংখেড়েতে ভারতের সেমিফাইনাল খেলার খুব একটা ভালো অভিজ্ঞতা না থাকলেও, এবার স্বাগতিকরা সেই ভাগ্য বদলাবে। তার মতে, “এটা নতুন যুগ, নতুন দল। আমি বিশ্বাস করি, শিরোপা জয়ের সামর্থ্য তাদের আছে।”

এই শ্বাসরুদ্ধকর ম্যাচে কোন দল জয়ের হাসি হাসবে এবং ফাইনালের টিকিট কাটবে, তা জানতে অধীর অপেক্ষায় রয়েছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button