চিকিৎসায় চরম ব্যর্থ রিয়াল, বড় দুঃসংবাদ নিয়ে মাদ্রিদ ছাড়লেন এমবাপে

উড়ন্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপের ক্যারিয়ারে হঠাৎ বড় ধাক্কা। মৌসুমের শুরু থেকে একের পর এক গোল করে মাঠ মাতালেও এবার হাঁটুর চোটে কার্যত থমকে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে আরও চাঞ্চল্যকর বিষয় হলো, নিজের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন এমবাপে। ক্লাবটির চিকিৎসা ব্যবস্থায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত মাদ্রিদ ছেড়ে নিজ দেশ ফ্রান্সে পাড়ি জমিয়েছেন এই তারকা।
গত ডিসেম্বর থেকেই বাঁ হাঁটুর চোটে ভুগছেন এমবাপে। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বেনফিকার বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম গত তিন মাসেও এমবাপের চোটের কোনো কার্যকর সমাধান দিতে পারেনি। এমবাপের মতে, তাদের অবহেলার কারণেই তার ফিটনেস ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ছে। পরিস্থিতির কোনো উন্নতি না দেখে উন্নত চিকিৎসার জন্য প্যারিসে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে লিগামেন্টের সমস্যা মনে করা হলেও এখন ধারণা করা হচ্ছে তার চোট আরও গুরুতর। পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের সমস্যা ধরা পড়লে হয়তো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাকে ফ্রান্সে যাওয়ার অনুমতি দিলেও মেডিকেল টিমের ব্যর্থতা নিয়ে ক্লাবের ভেতরেও অস্বস্তি বাড়ছে।
চলতি ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৬ ম্যাচে ৩৯ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। তার মতো একজন প্রধান তারকার অনুপস্থিতি রিয়ালের জন্য বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। আগামী ১১ ও ১৮ মার্চ হতে যাওয়া সেই হাইভোল্টেজ ম্যাচে এমবাপের খেলা নিয়ে এখন চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যদি শেষ পর্যন্ত অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তবে এই মৌসুমেই হয়তো আর মাঠে দেখা যাবে না এমবাপেকে। প্রিয় তারকার এমন বিদায়ে এবং রিয়ালের গাফিলতিতে ভক্তদের মনে এখন চরম ক্ষোভ ও আশঙ্কা কাজ করছে।





