সংবিধান নিয়ে তুঘলকি কাণ্ড! গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি?

গণভোটের রায় অমান্য করে বিএনপি সাংবিধানিক সংকট তৈরি করছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণভোটে নির্দিষ্ট বিষয়ে জনগণের সুস্পষ্ট রায় উপেক্ষা করছে, যা সভ্য কোনো দেশে নজিরবিহীন।
মাওলানা মামুনুল হক আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অসংখ্য অধ্যাদেশ, যা বিএনপি আগে বিরোধিতা করেনি বা কিছু ক্ষেত্রে স্বাগত জানিয়েছিল, সেগুলো এখন বাতিল বা সংশোধন করছে। এর মাধ্যমে বিএনপি সরকার গণভোটের রায়কে অমান্য করছে এবং এটি একটি ভয়ংকর সংকটের সূচনা করছে। তিনি গণভোটের রায় কার্যকর করার দাবিতে আগামী ১০ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ এবং ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ সফল করার আহ্বান জানান।
বৈঠকে দেশে তেল সংকট, শিশুদের টিকার ঘাটতি এবং সংস্কৃতি মন্ত্রীর মন্তব্যের কঠোর সমালোচনা করা হয়। এছাড়া, ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদকের পরিবারসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।





