অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত? তীব্র প্রতিক্রিয়া জামায়াতের

সরকারের নতুন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তকে ‘জাতিকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের শামিল।
আজ (২ এপ্রিল) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকাসহ সব মহানগরের স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত অত্যন্ত অনভিপ্রেত ও অপরিণামদর্শী। এতে ইন্টারনেটের উচ্চমূল্যের কারণে অনেক গরিব শিক্ষার্থী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। স্মার্টফোন আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও বাড়বে।
তিনি আরও বলেন, কোভিড-১৯ কালে অনলাইন ক্লাস শিক্ষার্থীদের পঠন-পাঠনের অভ্যাস নষ্ট করেছে। ‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’ প্রতিবেদনেও দেখা গেছে, প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা ও গণিতে পিছিয়ে পড়েছে। ইউনিসেফের জরিপেও এই সময়ে শিক্ষার্থীদের ঝরে পড়া ও শিশু শ্রম বেড়েছে।
সরকারি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়র বলেন, জ্বালানি সংকটের দায় কেন শিক্ষার্থীদের ওপর চাপানো হচ্ছে? শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নিয়মিত সশরীরে পাঠদান নিশ্চিত করতে হবে।





