জুলাই সনদ নিয়ে ছাত্রশিবিরের যা হলো… যুক্ত হলো নতুন মোড়!

দেশের ছাত্র রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া জুলাই সনদ নিয়ে এবার মাঠে নামছে ছাত্রশিবির। তাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সক্রিয় থাকার সিদ্ধান্ত হয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেছেন, সংসদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে এই সনদের চেতনাকে নস্যাৎ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্যে সই করা এই সনদ এখন বিএনপির হাতেই জিম্মি হয়ে পড়েছে। রাজপথের আন্দোলনকে আইনি মারপ্যাঁচে বাতিল করার যেকোনো চক্রান্ত ছাত্র-জনতা মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সোমবার দুই দিনব্যাপী কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক ও ঈদ পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে মার্চ মাসের রিপোর্ট পর্যালোচনা ও এপ্রিল মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া, আঞ্চলিক রিপোর্ট, ছাত্র সংসদ নির্বাচন, দেশ-বিদেশের নানা প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়।
নূরুল ইসলাম জানান, ১৭ অক্টোবর ২০২৫-এ অধিকাংশ দলের সম্মতিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল এবং ১৩ নভেম্বরের রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী ১২ ফেব্রুয়ারি গণভোটে দেশের ৬৮.৫৯ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছে। তাই, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই জনগণের এই রায়কে অগ্রাহ্য করার লাইসেন্স পাওয়া যায় না। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ১৫টি মৌলিক সংস্কারের অধ্যাদেশ রহিত বা সংশোধন করে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় দলীয়করণ করার পাঁয়তারা চলছে। এছাড়া, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাও বাধাগ্রস্ত করা হচ্ছে।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে জনমত গঠন এবং সরকারের এই আচরণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





