হেফাজত নেতার মৃত্যুতে শোকের ছায়া, যা বললেন জামায়াত আমির!

প্রখ্যাত আলেম ও হেফাজত নেতা মাওলানা আবু তাহের কাসেমী নদভীর আকস্মিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস নদভীর মৃত্যুতে শোক যেন ছড়িয়ে পড়েছে ইসলাম প্রিয় জনতার মাঝে।
মাওলানা আবু তাহের কাসেমী নদভী শুধু একজন আলেমই ছিলেন না, তিনি ছিলেন তৌহিদী জনতার প্রিয় রাহবার। সম্প্রতি তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া হেফাজত ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে ইসলামী শিক্ষার প্রসার ও বিস্তারে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি বলেন, মাওলানা নদভী ছিলেন বহু আলেমের উস্তাদ এবং ইলমে দ্বীনের খেদমতে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই খ্যাতিমান আলেমকে হারিয়ে জাতি একজন কৃতি সন্তানকে হারালো। ডা. শফিকুর রহমান শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





