ইসলামী আন্দোলন

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা: জানমাল রক্ষায় প্রশাসনের প্রতি কঠোর বার্তা!

ঈদুল ফিতরের ছুটিতে জনমানবশূন্য হয়ে পড়া ঢাকা নগরীর বাসিন্দাদের জানমাল রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বুধবার রাজধানীর ভাটারায় আয়োজিত ‘ঈদের খুশি বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পবিত্র ঈদকে ঘিরে নগরের অধিকাংশ মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরে যান। এতে ঢাকা ফাঁকা হয়ে যায়। এই সুযোগে অসাধু চোর, ডাকাত ও ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা বাসা-বাড়িতে চুরি-ডাকাতি ও রাস্তায় ছিনতাইয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এমতাবস্থায় নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ঈদের ছুটিতে যারা শহর ছাড়ছেন, তাদের যাত্রা যেন নিরাপদ ও ভোগান্তিমুক্ত হয় সে ব্যাপারেও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের যথাযথ কার্যকরী ভূমিকা পালন করা জরুরি। নগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম, মুফতী আরমান হুসাইন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।

এই জনগুরুত্বপূর্ণ সময়ে প্রশাসন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা প্রস্তুত, তা নিয়ে শহরজুড়ে জনমনে উদ্বেগ ও প্রত্যাশা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button