জিয়াউর রহমানের হাত ধরেই কৃষিতে বিপ্লব! চাঞ্চল্যকর তথ্য দিলেন এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের কৃষিতে এক নবজাগরণ শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি বলেন, জিয়াউর রহমান প্রথম কোদাল-কাস্তে হাতে মাঠে নামেন এবং খাল খনন কর্মসূচি চালু করে কৃষির অগ্রযাত্রা শুরু করেন। এক নতুন সূচনা তৈরি হয়েছিল কৃষিতে, যা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
শনিবার সকালে পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জালাল উদ্দিন আরও যোগ করেন, জিয়াউর রহমানের হাত ধরেই কৃষিতে যে বিপ্লব শুরু হয়েছিল, তাঁরই সূত্র ধরে তাঁর ছেলে (প্রধানমন্ত্রী) বর্তমানে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করেছেন এবং কৃষি ও কৃষকের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছেন। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল।
পাকুন্দিয়ার ইউএনও রূপম দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম। অনুষ্ঠানে পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, ভিপি মো.কামাল উদ্দিন, আবদুছ সাত্তার ও পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে পাঁচ কেজি করে ধান বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।





