মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বিএনপি নেতা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মহান মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতাকে অস্বীকার করে, তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজদী হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, যারা ৩০ লাখ শহীদের রক্তকে অস্বীকার করেন, যারা ৭১-কে অস্বীকার করে ৪৭-এ ফিরে যেতে চান এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি অস্বীকার করতে চান, তাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, প্রান্তিক অঞ্চলের মা-বোনদের ভুল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে যারা তাদের ঈমান-আকিদা নষ্ট করেছেন, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
বিএনপি নেতা আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মওদুদী যুদ্ধের ময়দানে মা-বোনদের ‘গনিমতের মাল’ হিসেবে যে মন্তব্য করেছিলেন, তা ইসলাম সমর্থন করে না। তিনি স্মরণ করিয়ে দেন, এমনকি আল্লাহর রাসূল (সা.) ও স্বীয় কন্যাকে কেবল আল্লাহর সন্তুষ্টি ও সুপারিশের ভিত্তিতে বেহেশতের আশা করার কথা বলেছিলেন। তাই, বেহেশতের টিকিট বিক্রি করে যারা ভোট আদায় করছে, তারা ইসলামকে বিদায়াত পথে নিয়ে যাচ্ছে এবং মানুষের ঈমান-আকিদা নষ্ট করছে। তিনি বলেন, আল্লাহ নিজেই এদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।





