ভর্তি অনিশ্চয়তায় পড়া মেধাবী শিক্ষার্থীর পাশে কে? জানলে অবাক হবেন!

আর্থিক সংকটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে ভর্তির সমুদয় অর্থ উপহার দিয়ে পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। তিনি ওই শিক্ষার্থীর ভর্তিসংক্রান্ত সকল ব্যয়ভার বহন করেছেন।
জানা গেছে, বিজ্ঞান অনুষদের একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের ছাত্রীটি পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তির শেষ দিনেও ফি জমা দিতে পারছিলেন না। বিষয়টি এক সিনিয়রের মাধ্যমে জানতে পেরে নাছির উদ্দিন শাওন দ্রুত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেন। সমস্যার কথা জেনে তিনি তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম পূরণের প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে শিক্ষার্থীর হাতে তুলে দেন।
উপহারপ্রাপ্ত শিক্ষার্থী জানান, “পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিলাম না। আজই ছিল শেষ দিন। বাধ্য হয়ে এক সিনিয়র ভাইকে জানাই। তার মাধ্যমেই শাওন ভাই বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা করেন।”
নাছির উদ্দিন শাওন বলেন, “একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়ানো কোনো কৃতিত্ব নয়, এটি আমার দায়িত্ব। অর্থের অভাবে কারও শিক্ষাজীবন থেমে যাক, তা আমি মেনে নিতে পারি না। ভবিষ্যতে সামর্থ্য হলে সরকারের সহযোগিতায় আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব।” তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।





