বিএনপি

চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে প্রকাশ্যেই হাত-পা ভাঙলেন বিএনপি নেতা!

কিশোরগঞ্জ সদরে চাঁদা দিতে রাজি না হওয়ায় লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নিঝুম রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ তার লোকজন নিয়ে বাবুল মিয়াকে তার রেস্টুরেন্ট থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যান। এরপর একটি নির্জন স্থানে নিয়ে তাকে রড বা পাইপ দিয়ে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়। বাবুল মিয়ার অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম তার দোকানে এসে ছয় হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তিনি ক্ষিপ্ত হয়ে এই হামলা চালান। ঘটনার পূর্বে তিনি বিষয়টি থানায় অবহিত করেছিলেন বলেও জানান বাবুল।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বাবুলের বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে মোট ছয় জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে, অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ অভিযোগ অস্বীকার করে বলেন, বাবুলের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button