পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে সংসদে তোলপাড়, বন্ধ মাইক! যা বললেন বিরোধী দল

জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যের সময় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। সোমবার বিকেলে সংসদ অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এই প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্থপতি শহীদ জিয়াউর রহমান আর আজ সেখানেই যুদ্ধ চলছে। যুদ্ধ-বিগ্রহে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশি। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সংকট নিরসনে কী ভূমিকা রাখছেন।
প্রতিমন্ত্রী উত্তরে বলেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই। এতে ক্ষুব্ধ হয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানান এবং প্রতিমন্ত্রীর মাইক বন্ধ করে দেন। স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালে প্রতিমন্ত্রী বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, জ্বালানি সরবরাহ সহজলভ্য করতে প্রধানমন্ত্রী একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্য ছাড়াও বিভিন্ন উৎস থেকে জ্বালানি আনার চেষ্টা চলছে। এছাড়াও, মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ। তিনি জানান, নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুজনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে এবং ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে তেহরান থেকে ফিরিয়ে আনা হয়েছে।





