হত্যার দায়ে কারাবন্দী কনটেন্ট ক্রিয়েটর! বড় তথ্য ফাঁস?

রাজধানীর গুলশান থানার মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
ঘটনার সূত্রপাত জুলাই মাসে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। পুলিশ ইমরান হত্যা মামলায় ফাহিমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ফাহিমকে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। পরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে আদালতে তোলা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শুনানিতে গ্রেপ্তার বিষয়ে বক্তব্য রাখেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা আগামীকালের শুনানিতে জামিনের বিষয়ে আদালতে আবেদন জানাবেন বলে জানান। এরপর বিচারক ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে অবরুদ্ধ করে জনতা ও শিক্ষার্থীরা। পরে শাহ আলী থানা পুলিশ তাকে আটক করে এবং গুলশান থানায় হস্তান্তর করে।
মামলার বিবরণী অনুযায়ী, ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের নির্দেশে আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করেন। ভুক্তভোগী মো. ইমরান বাড়ি ফেরার পথে মিছিলে অংশ নিয়ে আসামিদের গুলিতে গুরুতর আহত হন। গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় গত ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।





