ঢাকার যুবলীগ নেতা নিজেই ফাঁস করলেন রাজনীতিতে আসার চাঞ্চল্যকর তথ্য!

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিজেকে খাঁটি বিএনপি দাবি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যুবলীগ নেতা আখতারুজ্জামান রিপন। তার এই দাবিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার এই পরিচয় মানতে নারাজ।
জানা গেছে, ইঞ্জিনিয়ার রিপন এলাকার বিএনপির কোনো পদ-পদবিতে না থাকলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক চেয়েও ব্যর্থ হয়ে পরে বিদ্রোহী প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, যেখানে তিনি পরাজিত হন। রিপন দাবি করেন, তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, কিন্তু সাবেক আওয়ামী লীগ এমপি আকম বাহাউদ্দিন বাহার তার জয় ছিনিয়ে নিয়ে তাকে পরাজিত ঘোষণা করান।
রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রিপন বলেন, “আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত নই। আমি ব্যবসায়ী, ব্যবসা করার কারণে অতীতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করেছি।” ঢাকায় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সঙ্গে রাজনীতি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “উনার অফিসে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য যেতে হয়েছে। আমি যুবলীগের কমিটির রাজনীতি করি না।” তিনি আরও জানান, ১৯৯৪ সালে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিগত ১৭ বছর কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ নেই। ২০১৩ সালে তিনি সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে বিএনপির অফিস উদ্বোধন করেছিলেন বলেও দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী বলেন, “দলের নীতি অনুযায়ী যারা বিগত ১৭ বছরে মিছিল মিটিংয়ে ছিলেন না, যাদের আন্দোলনের মাঠে পাওয়া যায়নি, বিপদের সময়ে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল, তারা যদি বিএনপির হয়ে মাঠে নামতে চায় – তাদের বিরুদ্ধে আমার অবস্থান।” তিনি আরও বলেন, “আক্তারুজ্জামান রিপনের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বলতে হয়, দেশের যেকোনো মানুষেরই নির্বাচন করার অধিকার আছে, কিন্ত দলের নাম ভাঙিয়ে যদি সে কোথাও কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা সকলে একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করব।”
সদর দক্ষিণ উপজেলার তৃণমূল বিএনপি কর্মী জাকারিয়া লতিফ বলেন, “আক্তারুজ্জামান রিপন টাকার ওপর ভর করে রাজনৈতিক খেলা খেলতে আসছেন। এরা হলো হাইব্রিড নেতা, তৃণমূল নেতাকর্মীরা তাদের মাঠে প্রতিরোধ করবে।”
সব মিলিয়ে, নিজেকে খাঁটি বিএনপি দাবি করা আখতারুজ্জামান রিপনকে ঘিরে কুমিল্লা সদর দক্ষিণের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, তার প্রকৃত রাজনৈতিক পরিচয় নিয়ে এখনো রয়েছে নানা প্রশ্ন এবং সময়ই বলে দেবে তিনি আসলে কোন ধারার রাজনীতির মানুষ।





