যুক্তরাজ্যের আদলে দেশ গড়বেন ডেপুটি স্পিকার, সংসদে বললেন যা!

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যুক্তরাজ্যে প্রচলিত ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জনের প্রত্যাশা রয়েছে। রোববার জাতীয় সংসদ অধিবেশনে নবনির্বাচিত ডেপুটি স্পিকার হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বর্তমান সংসদকে গুম, খুন, আয়নাঘর ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা এক ‘বিরল’ সংসদ হিসেবে আখ্যায়িত করেন।
ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্বাধীনতাযুদ্ধের বীর শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্য খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন এবং দলের পদ থেকে পদত্যাগ করার কথাও জানান। তিনি বলেন, ওয়েষ্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জন করব। সরকার ও বিরোধী দল উভয়েরই গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আশা ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত চেষ্টায় একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।





