মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি! কি ঘটেছিল স্বাধীনতার পর?

স্বাধীনতার সুফল এখনো পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। তিনি বলেন, আওয়ামী লীগ একাই দেশ স্বাধীন করেনি, বরং স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রির মাধ্যমেই গলদ শুরু হয়েছে। বিগত সময়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিকৃষ্টভাবে দলীয়করণ করেছে। স্বার্থ হাসিলের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের খলনায়ক বানিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
শনিবার এফডিসিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসান হাফিজ আরও বলেন, বিরোধী মতকে কথায় কথায় স্বাধীনতা বিরোধী বলা হতো। ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের সকল অবৈধ সুবিধা বাতিল করতে হবে।
‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই ছায়া সংসদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক সাইদুল ইসলাম, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক মো. আল-আমিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুক্তির আন্দোলন শেষ হয়নি। শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যেতে হবে। একটি মানচিত্র, একটি পতাকা, একটি ভূখণ্ড পেলেও স্বাধীনতার সুফল এখনো পুরোপুরি অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।





