রাজনীতি

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপি: ‘দেশ যাবে নতুন পথে, ফিরবেনা আর ফ্যাসিবাদে”, দেশব্যাপী কর্মসূচি

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি। বিকেল চারটা থেকে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি ‘স্ট্রিট ওয়াল’ নামে একটি চিত্রপ্রদর্শনী ও ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে, যেখানে গত এক বছরে দলের রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হবে। আয়োজনে একটি ফটো বুথও থাকবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর এবং ৩ মার্চ কুমিল্লায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দলের নেতাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও গুণীজনেরা অংশ নেবেন। এছাড়াও ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপি’র যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দলটি সোচ্চার ছিল। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দিয়ে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয় এনসিপি। প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়ে উঠেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button