ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করেছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।
অধিবেশন দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর সভাপতির মনোনয়নে আরও ১৫ জন যুক্ত হয়ে মোট ৬২ সদস্যের কার্যকরী পরিষদ গঠিত হয়। পরে এই পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট চূড়ান্ত করা হয়।
নতুন কমিটিতে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক এবং এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসানসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরাও অনুষ্ঠানে অংশ নেন।





