রাজনৈতিক বিভাজন ছাপিয়ে কারাফটকে ফুলেল শুভেচ্ছা: আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দুলা মিয়া কারামুক্ত হওয়ার পর কারা ফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতার এই অপ্রত্যাশিত সাক্ষাৎ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এবং চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সদ্য কারামুক্ত দুলা মিয়াকে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনের ফুলেল শুভেচ্ছা জানানোর ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই এই ঘটনাকে অপ্রত্যাশিত ও রাজনৈতিক শিষ্টাচারের বাইরে বলে মন্তব্য করেছেন। বিভিন্ন নেতিবাচক স্ট্যাটাসে ভরে গেছে নেট দুনিয়া, যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দুলা মিয়ার ঘনিষ্ঠতার ছবি ও বিভিন্ন সভা-সমাবেশে তার বক্তৃতা দেওয়ার পুরনো ছবিও স্থান পেয়েছে।
স্থানীয় বিএনপি নেতা রবিউল হাসান রবি এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অতীতে দুলা মিয়ার বিরুদ্ধে জনসাধারণের প্রতি খারাপ আচরণ এবং বিএনপির অনেক নেতার ওপর হামলার অভিযোগ ছিল। অত্যন্ত দুঃখের বিষয়, সেই আওয়ামী লীগ নেতাকে আমাদের দলের একজন নেতা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এমন অপ্রত্যাশিত ঘটনায় বলার ভাষা নেই।”
উল্লেখ্য, দুলা মিয়াকে নির্বাচনের আগে চট্টগ্রামের নিজ বাসা থেকে লোহাগাড়া থানার একটি হত্যা মামলায় আটক করা হয়েছিল। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগের ভিত্তিতেই চলতি বছরের ৪ জানুয়ারি রাতে পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকা থেকে পাঁচলাইশ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এই ঘটনা স্থানীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই শুভেচ্ছা নিছকই ব্যক্তিগত সৌজন্যতা নাকি স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত? এই ঘটনা দুই দলের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।





