ফাঁসির মঞ্চ থেকে সংসদে? যা ঘটল তা দেখে অবাক দেশ!

জাতীয় সংসদে এমন কিছু সংসদ সদস্য এসেছেন যারা সরাসরি ‘ফাঁসির মঞ্চ’ থেকে এসেছেন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কেউ এসেছেন গুম হওয়া থেকে, কেউ বা দীর্ঘ কারাভোগের পর মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল। সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে এখানে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এসব কথা বলেন।
১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে তিনি বলেন, জাতীয় সংসদ হবে জাতির দর্পণ, যেখানে জনগণ গণতন্ত্রের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পায়। সংসদের সব সদস্য তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করায় তিনি সংসদ নেতা, প্রধানমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতিও ধন্যবাদ জানান।
ডেপুটি স্পিকার দেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
২০২৪ সালের ‘ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এর ফলেই সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং যারা এই আন্দোলনের ফলে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জানান।





