রাজনীতি

ভোট কারচুপির প্রমাণ রিজওয়ানা হাসানের বক্তব্যে : মামুনুল

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি বক্তব্যকে কেন্দ্র করে তিনি এই অভিযোগ উত্থাপন করেছেন এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

শনিবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, রিজওয়ানা হাসান গণমাধ্যমে স্বীকার করেছেন যে, তারা ইসলামী দলগুলোকে মূলধারায় আসতে দেননি। মামুনুল হক এই বক্তব্যকে নির্বাচন প্রভাবিত করার একটি বৈঠকের সিদ্ধান্তের স্বীকারোক্তি হিসেবে দেখছেন। তার মতে, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে বসেই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে এবং জনগণের রায় পাল্টে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে।

এ প্রেক্ষাপটে তিনি সৈয়দা রিজওয়ানা হাসানসহ নির্বাচনি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

মামুনুল হক আরও অভিযোগ করেন, সরকার গণভোটের মাধ্যমে জনগণের যে রায় পেয়েছে, তা বাস্তবায়নে দৃশ্যত অনীহা দেখাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে আদালতের দিকে দায় ঠেলে দেওয়া হচ্ছে, এমনকি গণভোট বাতিলের লক্ষ্যে হাইকোর্টে রিট দায়েরের ঘটনাকেও তিনি জনমতের প্রতি অবজ্ঞা এবং ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, জনরায়কে সম্মান না করে আইনি জটিলতার আড়ালে তা বিলম্বিত বা বাতিল করার চেষ্টা গোটা জাতিকে রাজপথে নামতে বাধ্য করবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস একটি গণসমাবেশের আয়োজন করবে বলেও তিনি ঘোষণা দেন। তিনি সরকারের প্রতি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং নির্বাচন প্রভাবিত করতে প্রশাসনিক বা রাজনৈতিক ষড়যন্ত্রে যুক্তদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জাতির সামনে আনার আহ্বান জানান। তার মতে, জনগণের ভোটাধিকার ও দেশের নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই পদক্ষেপগুলো জরুরি। অন্যথায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button