রাজনীতিতে নতুন মোড়? ‘অলটারনেটিভস’ গড়লেন মাহফুজ-তাজনূভা!

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনসহ ১৭ জনের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়েছে। দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাইয়ের ছাত্র-জনতার ‘হৃত স্বপ্ন’ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করবে এই প্ল্যাটফর্মের জাতীয় সাংগঠনিক কমিটি।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয় কমিটির প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া। জুলাইয়ের আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এই সাংগঠনিক উদ্যোগ নেওয়া হয়েছে।
‘অলটারনেটিভস’ জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ জরুরি। এই বাস্তবতা সামনে রেখেই ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে, যা আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের কাঠামো গড়ে তোলার কাজ করবেন।
কমিটির উল্লেখযোগ্য সংগঠকদের মধ্যে রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনূভা জাবীন, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী প্রমুখ। সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরবর্তী সময়ে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে যাত্রা শুরুর ঘোষণার এক মাস পর কমিটি গঠন করলো প্ল্যাটফর্মটি। এই নতুন প্ল্যাটফর্ম দেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাখছে সাধারণ মানুষ।





