মার্চে আসছে তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী, জনজীবনে বড় শঙ্কা…

বসন্তের আমেজ ফুরানোর আগেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি। চলতি মার্চ মাসজুড়েই দেশের আবহাওয়া পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ধেয়ে আসতে পারে বিধ্বংসী কালবৈশাখী ঝড়, যা জনমনে নতুন দুশ্চিন্তা তৈরি করছে।
রোববার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে।
তাপপ্রবাহের পাশাপাশি এই মাসে প্রকৃতির রুদ্রমূর্তিও দেখা যেতে পারে। আবহাওয়া অফিস বলছে, মার্চে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে দেশের বিভিন্ন প্রান্তে। এই ঝড় ও বজ্রপাত সাধারণ মানুষের জানমালের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে উপকূলীয় এলাকার মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
তীব্র গরম আর কালবৈশাখীর এই আগাম বার্তা সাধারণ খেটে খাওয়া মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে কৃষিপণ্য রক্ষা এবং তীব্র গরমে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। প্রকৃতির এই খামখেয়ালি আচরণ শেষ পর্যন্ত জনজীবনে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।





