ইফতার পার্টিতে জনতার তোপের মুখে সাবেক এমপি শাহ্ আলম, আটক!

পিরোজপুর-২ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহ্ আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। ইফতার পার্টির এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি।
জানা গেছে, ডিপ্লোমা ইনস্টিটিউটে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অধ্যক্ষ শাহ্ আলম। সেখানে নিজ এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে চিনতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে রমনা থানায় খবর দেওয়া হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধ্যক্ষ শাহ্ আলমকে সেখান থেকে আটক করে রমনা থানায় নিয়ে যায়। সাবেক এমপির ছেলে মো. সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বাবা ইফতার পার্টিতে গেলে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে।
রমনা থানা সূত্রে জানা গেছে, আটককৃত সাবেক এমপি শাহ্ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা।





