ইরান ইস্যুতে বাংলাদেশের স্পষ্ট বার্তা: প্রবাসীদের নিরাপত্তা…?

মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি নিরসনে কূটনৈতিক সমাধানের পক্ষেই বাংলাদেশ। একইসঙ্গে এই পরিস্থিতিতে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হোক এবং সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে আসুক, এটাই বাংলাদেশের প্রত্যাশা। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদার হিসেবে বাংলাদেশ এখন ভৌগোলিক-রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ দেশ। মধ্যপ্রাচ্যে আমাদের বহু নাগরিক কর্মরত রয়েছেন, যাদের কর্মসংস্থান সেখানকার পরিস্থিতির ওপর নির্ভরশীল।
উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার। দেশের ভেতরে থাকা যাত্রী এবং বিদেশে অবস্থানরত নাগরিকরা যাতে কোনো দুর্ভোগে না পড়েন, সে জন্য সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নিজেও গতকাল বিমানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সমন্বয় সাধনের কথাও জানান তিনি।
হুমায়ুন কবির আরও বলেন, এক্ষেত্রে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং তাদের সহায়তা করা, যাতে তারা কোনো দুর্ভোগে না পড়েন, এটিই আমাদের প্রধান বিষয়। যারা যাত্রী হিসেবে ভ্রমণ করছেন, তাদেরও সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়েও যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা কাজ করেন, সেসব দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষিতে দেশের ওপর সম্ভাব্য প্রভাব, বিশেষ করে জ্বালানি সংকটের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না—এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আমাদের যে মজুত রয়েছে, তা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। অতীতেও দেখা গেছে, বিভিন্ন সময়ে জ্বালানি খাতে কিছু ওঠানামা হতে পারে, তবে সেসব মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি জানান, আজকের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী হালনাগাদ তথ্য নিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও তিনি নিয়মিত দিকনির্দেশনা দেন। এছাড়াও, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সংক্রান্ত বিষয়েও তথ্য দেওয়া হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সফর ও বৈঠক সম্পর্কে অবহিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ইতোমধ্যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।





