রণক্ষেত্র রূপগঞ্জ: পাওনা আদায়ের আন্দোলনে পুলিশ-শ্রমিক রক্তক্ষয়ী সংঘর্ষ…

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। পুলিশের লাঠিচার্জ এবং শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মইকুলি এলাকায় ‘বি-ব্রাদার্স কোম্পানি লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার সামনে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। দীর্ঘ সময় সড়ক আটকে রাখায় রাস্তার দুই পাশে প্রায় দশ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকের চেষ্টা করে। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না আসায় শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে দুপুরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পেটের দায়ে রাজপথে নামা সাধারণ শ্রমিকদের এই আর্তনাদ ও সংঘাতের ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।





