২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু! দেশে হামের আতঙ্ক ছড়িয়ে পড়ল

রাজধানী ঢাকাসহ সারাদেশে এক দিনের ব্যবধানে হাম রোগে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্তের সংখ্যা ৭৮৭ জনে দাঁড়িয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬০ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে, যাদের নিয়ে মোট হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৮২৬ জনে পৌঁছেছে।
সবচেয়ে উদ্বেগজনক খবর হলো, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৬ জন হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন।
নতুন রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, আশার খবর হলো, এই সময়ে ২ হাজার ৬৫৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।





