মার্চে সড়কে নিথর ৬১৯, আহত ১৫৪৮! যা ঘটল দেশের পথে পথে

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মার্চ মাসে দেশে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। এই একই সময়ে রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২২৯ জন আহত হয়েছেন। এছাড়াও, নৌ পথে নয়টি দুর্ঘটনায় ৯ জন নিহত, ১৯ জন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭০টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং ১ হাজার ৭৯৬ জন আহত হয়েছে।
বিশেষভাবে, এই মাসে ২২২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৭ জন নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬.০৩ শতাংশ এবং নিহতের ৩৮.৬১ শতাংশ।
সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৬০টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে, ৩০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
এই দুর্ঘটনাগুলোর মধ্যে রয়েছে গাড়ি চাপা বা ধাক্কা দেওয়া (৩২.৪৬%), মুখোমুখি সংঘর্ষ (৩৭.৬৬%), নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া (২১.৪২%), এবং অন্যান্য কারণ (৭.১৪%)। জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটেছে।
দুর্ঘটনার কারণ হিসেবে দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার অবাধ চলাচল, জাতীয় মহাসড়কে প্রয়োজনীয় রোড সাইন বা সড়কবাতির অভাব, অন্ধবাঁকে দৃষ্টিপ্রতিবন্ধকতা, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো, চাঁদাবাজি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী পরিবহন, অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানো এবং ঈদযাত্রায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহনকে চিহ্নিত করা হয়েছে।
এই পরিস্থিতিতে, সড়কে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষ চালক তৈরি, ফিটনেসবিহীন যানবাহনের ব্যবহার বন্ধ, পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা, চাঁদাবাজি বন্ধ এবং উন্নতমানের সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার মতো পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।





