জাতীয়

মাধবদীতে কিশোরীকে ‘ছিনিয়ে নিয়ে’ হত্যার অভিযোগ, সরিষা ক্ষেতে মরদেহ উদ্ধার

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে এক কিশোরীকে (১৫) ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কিশোরী মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। তার সৎ বাবার বাড়ি বরিশালে বলে জানা গেছে।

স্বজনদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আহমদুল্লাহর উদ্যোগে মীমাংসা করা হয় বলে পরিবারের দাবি।

কিশোরীর সৎ বাবা জানান, বুধবার বিকেলে মেয়েকে খালার বাড়িতে রেখে আসার পথে বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে মেয়েটিকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button