জ্বালানি নিয়ে বড় বার্তা দিলেন মন্ত্রী! দেশে যা ঘটতে চলেছে…

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাশ্রয়ী হলে আমরা আরও জ্বালানি সাশ্রয় করতে পারবো। এটা শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে জরুরি। শুক্রবার (৩ এপ্রিল) নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয় করলে তা দীর্ঘ সময় ব্যবহার করা যাবে এবং আমদানি খরচ কমে আসবে, যা বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটাবে। তাই স্বাভাবিকতা বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে বলেও তিনি জানান। পিক আওয়ারে বিদ্যুৎ সাশ্রয় করতে পারলে বাড়তি খরচ এড়ানো সম্ভব। আপদকালীন পরিস্থিতিতে নেওয়া সতর্কতামূলক পদক্ষেপগুলো প্রতিপালনের মাধ্যমে শৃঙ্খলবোধের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির কারণ হিসেবে সৌদি আরবসহ আমদানিকারক দেশগুলোতে দাম বৃদ্ধিকে দায়ী করেছেন মন্ত্রী। তবে, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে বলে তিনি আশ্বাস দেন। শিল্পের উৎপাদন জ্বালানির কারণে ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি জানান, কারণ গ্যাস-নির্ভর শিল্পগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়।
এছাড়াও, জাপানের সাথে একটি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে যা সংসদে পাশ হলে জানানো হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে এটি জাপানি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। তিনি আরও জানান, বেশ কয়েকটি দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি চলছে, যা এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও বিভিন্ন দেশে পণ্য প্রবেশে অগ্রাধিকারমূলক সুবিধা দেবে।
ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।





