মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক, মায়ের বিচার দাবি

মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহরের বিসিক শিল্প নগরী এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে সদর উপজেলার আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খানের সঙ্গে কালকিনি উপজেলার মিমের বিয়ে হয়। মিমের এটি দ্বিতীয় বিয়ে ছিল এবং পূর্বের সংসারে তার একটি ছেলে সন্তান রয়েছে। এই বিষয়গুলো জানা সত্ত্বেও রিয়াদ তাকে বিয়ে করেন এবং বিসিক শিল্প নগরী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে, কয়েক মাস ধরে সন্তানকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যার পরিণতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের মা রোকেসানা বেগম অভিযোগ করে জনতা টাইমসকে জানান, “আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে রিয়াদ। সে আমাকে ফোন দিয়ে মরদেহ নিতে বলেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।”
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জনতা টাইমসকে বলেন, “পারিবারিক কলহের জেরে মেয়েটিকে হত্যার ঘটনা ঘটেছে, এটাই আমাদের প্রাথমিক ধারণা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গৃহবধূর মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে এলাকাবাসী।





