জাতীয়

প্রধানমন্ত্রীর বাসভবন নেই: আইনি নোটিশে নতুন মোড়

প্রধানমন্ত্রীর জন্য একটি সরকারি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট নয়টি কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট মো. ইলিয়াছ আলী মণ্ডল ‘জনস্বার্থে’ ডাকযোগে এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ মোট নয়জন পদস্থ সরকারি কর্মকর্তাকে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর গণভবনের পূর্বের সরকারি বাসভবনটিকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তরিত করা হয়। এর ফলে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল তার নোটিশে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা এবং যথাযথ আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা একটি ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়’। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী একটি নিরাপদ এবং সরকারিভাবে নির্ধারিত বাসভবন পাওয়ার অধিকারী।

নোটিশে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার গুরুত্ব সত্ত্বেও তার জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এটি প্রশাসনিক দায়িত্ব এবং জাতীয় নিরাপত্তা বিবেচনা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এই বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদনসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button