জাতীয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়: অর্গানোগ্রাম চূড়ান্ত, খুলছে ভর্তির দুয়ার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রাম নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন শেষে এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রণালয়ে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী জনতা টাইমসকে জানান, গত বছরের নভেম্বরে ইউজিসিতে অর্গানোগ্রামটি জমা দেওয়া হয়েছিল। বিস্তারিত যাচাই-বাছাই শেষে এটি নীতিগত অনুমোদন পেল। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য আরও জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়া এই বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে দুটি বিভাগ – হিসাববিজ্ঞান এবং আইন – চালুর জন্য অনুমোদন পেয়েছে। আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার মাধ্যমে এই দুটি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলে নওগাঁ ও আশেপাশের অঞ্চলের উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

বর্তমানে অস্থায়ী ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ভূমি অধিগ্রহণ ও ভবন নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। একই সাথে সরকারি অনুদানে প্রাপ্ত চার কোটি ৭৫ লাখ টাকার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে। উপাচার্য জানিয়েছেন, সব মিলিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং অদূর ভবিষ্যতে এটি দেশের উচ্চশিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button