প্রধান শিক্ষিকার ওপর হামলাকারী আ.লীগ নেতা সুজন অবশেষে গ্রেপ্তার! জানলে চমকে যাবেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)। বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম সুজন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।
অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে এবং ভুয়া ডিজি প্রতিনিধি পরিচয় ব্যবহার করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া, গত জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তিনি পূর্বেও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
জানা গেছে, জামিনে মুক্তি পাওয়ার পর গত ২৯ মার্চ সকালে তিনি ব্রাহ্মণপাড়ার বেড়াখোলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। সেখানে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রধান শিক্ষিকা মোসা. হাসিনা ইসলাম-এর কক্ষে ঢুকে তার ওপর হামলা চালান এবং লাথি মেরে ফেলে দেন। এই ঘটনার পরদিন ৩০ মার্চ, ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় আমিনুল ইসলাম সুজনসহ আরও ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
কুমিল্লা ডিবির ওসি শামসুল আলম জানিয়েছেন, অভিযানের মাধ্যমে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এই ঘটনা শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।





