টিকার অভাবে শিশু মৃত্যুর দায় কার? তুলকালাম কাণ্ড, জড়িতদের কঠিন শাস্তি দাবি!

রাজধানীতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পেছনে টিকার অভাবকে দায়ী করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা। বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই জোরালো দাবি উত্থাপন করা হয়।
বৈঠকে দেশের প্রখ্যাত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে টিকার সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়েছে, যা অনেক শিশুর মৃত্যুর কারণ হয়েছে। তারা অবিলম্বে এই পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদান কর্মসূচির জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। তবে, টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠারও প্রশংসা করেন তারা।
বৈঠকে উপস্থিত অতিথিরা বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নতুন কোনো ধরনের ভাইরাস মিউটেশনের জন্য হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে গবেষণার ওপর জোর দেন। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রাসঙ্গিকতাও তুলে ধরা হয়। বর্তমান পরিস্থিতি মোকাবেলা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে বিভিন্ন সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারকে জানানোর সিদ্ধান্ত হয়।





