ঢাকায় আলজেরিয়ার প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা: শোক বইয়ে স্বাক্ষর করলেন রাষ্ট্রদূতরা!

রাজধানী ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তাঁর স্মরণে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাসে একটি শোকবই খোলা হয়, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত শ্রদ্ধা জানিয়েছেন।
প্রয়াত প্রেসিডেন্টের প্রতি সম্মান জানাতে শোকবইতে স্বাক্ষর করেন তারা। সেখানে তারা লিয়ামিন জেরুয়ালের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আলজেরিয়ার প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন। বিশেষ করে, একটি সংকটময় সময়ে দেশের নেতৃত্ব দেওয়ায় এবং গণতান্ত্রিক নীতির স্বার্থে স্বেচ্ছায় পদত্যাগ করায় তাঁর ভূমিকার প্রশংসা করা হয়। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি তাঁর অঙ্গীকারের কথাও স্মরণ করেন স্বাক্ষরকারীরা।
উল্লেখ্য, আলজেরিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট মুজাহিদ লিয়ামিন জেরুয়াল গত ২৮ মার্চ ৮৪ বছর বয়সে মারা যান। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি আলজেরিয়ার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি শুধু কঠিন সময়ে নেতৃত্বের জন্যই নন, বরং আলজেরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতির জন্যও স্মরণীয় হয়ে থাকবেন, যার মধ্যে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও উল্লেখযোগ্য।





