অবাক করা সিদ্ধান্তে দেশের উচ্চশিক্ষায় আসছে বড় পরিবর্তন!

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং বৃদ্ধিতে বিশেষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ ব্যক্ত করে। ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।
বৈঠকে স্টিফেন ফোর্বস জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যকর সম্পর্ক তৈরিতে ব্রিটিশ কাউন্সিল সহযোগিতা করতে চায়। এছাড়াও, গবেষণা, ট্রান্সন্যাশনাল এডুকেশন নীতিমালা প্রণয়ন এবং ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নেও তারা সহায়তা দেবে। তিনি আরও জানান, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ব্রিটিশ কাউন্সিল ইতিমধ্যেই প্রশিক্ষণ মডিউল তৈরির কাজ শুরু করেছে। ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরও টেকসই করতে ‘মাস্টার ট্রেইনার’ তৈরির ক্ষেত্রেও তারা সহযোগিতার জন্য প্রস্তুত।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ব্রিটিশ কাউন্সিলের এই সহযোগিতার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরি এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। তাদের চাহিদা পূরণ এবং উচ্চশিক্ষা খাতে সরকারের প্রতিশ্রুতি পূরণে ইউজিসি অগ্রাধিকার দিচ্ছে। হিট প্রকল্পের কার্যক্রম এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





