শিশুদের জীবন ঝুঁকিতে! টিকাদানে ভয়াবহ অবনতিতে দেশজুড়ে তোলপাড়!

বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির কার্যক্রমে বড় ধরনের অবনতির খবর পাওয়া গেছে। সরকারের গাফিলতির কারণে লক্ষ লক্ষ শিশু পূর্ণাঙ্গ টিকা থেকে বঞ্চিত হচ্ছে। এতে হামের মতো প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঝুঁকিও উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, গত বছর জাতীয় টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। টিকা সরবরাহে বিঘ্ন, স্বাস্থ্যকর্মীর অভাব এবং প্রত্যন্ত অঞ্চলে সেবার সীমিত পৌঁছানোর কারণে প্রায় ৪ লাখ শিশু পূর্ণাঙ্গ টিকা পায়নি, আর প্রায় ৭০ হাজার শিশু একটিও টিকা নেওয়ার সুযোগ পায়নি। এই পরিস্থিতি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক চরম অশনিসংকেত।
বৃহস্পতিবার দেশের ৬টি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় আন্দোলনকারী সংগঠনগুলো সরকারের কাছে ৬ দফা দাবি পেশ করেছে। এর মধ্যে রয়েছে টিকাদান কর্মসূচীতে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, দুর্গম এলাকায় বিশেষ ক্যাম্পেইন, টিকা সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয়।
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের শিশুদের জীবন রক্ষা করা কঠিন হবে এবং একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।





